সাংবাদিকতার আড়ালে ইয়াবা ব্যবসা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি
খুলনা ব্যুরো :
সাংবাদিকতা ও বিভিন্ন সংগঠনের পরিচয় ব্যবহার করে ইয়াবা ব্যবসাসহ নানা ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনা।
রবিবার এক বিবৃতিতে এমইউজে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় ব্যক্তি সাংবাদিকতা ও বিভিন্ন সংগঠনের পরিচয়কে আড়াল হিসেবে ব্যবহার করে সমাজবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে এসব ব্যক্তির কেউ সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত নন। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তারা ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকতার মতো মহান পেশাকে ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
এমইউজে নেতৃবৃন্দ বলেন, প্রকৃত সাংবাদিকদের স্বার্থ ও মর্যাদা রক্ষায় সাংবাদিকতার আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। প্রশাসন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিলে সাংবাদিক সমাজ তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি, খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও খুলনা ওয়াসার সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামানসহ নির্বাহী কমিটির সদস্যরা।
এ ছাড়া অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মো. জাকির হোসেন ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।