জুলাইয়ে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে গত জুলাই মাসে ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের ১০৮টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। এসব ঘটনায় আটক, মারধর, জিজ্ঞাসাবাদ, সংবাদ সংগ্রহে বাধা এবং সাংবাদিকদের সরঞ্জাম জব্দ বা নষ্ট করার মতো ঘটনা ঘটেছে।
রোববার এক বিবৃতিতে ইউনিয়নের ফ্রিডমস কমিটি জানিয়েছে, সাংবাদিকদের ওপর ধারাবাহিক এসব হামলার কারণে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতিস্থাপনকারীদের সহিংসতার খবর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
সবচেয়ে বেশি ঘটেছে সাংবাদিকদের সাময়িক আটক ও সংবাদ সংগ্রহে বিধিনিষেধ আরোপের ঘটনা। জুলাইয়ে এমন ৫৮টি ঘটনা নথিভুক্ত করেছে কমিটি।
এ ছাড়া সাংবাদিকদের ওপর বসতিস্থাপনকারীদের ১১টি হামলার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় শারীরিক আক্রমণ, ধাক্কাধাক্কি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বসতিস্থাপনকারীদের হামলা ও ইসরায়েলি সামরিক অভিযানের খবর সংগ্রহের সময় এসব ঘটনা ঘটে।
ইসরায়েলি বাহিনী সাংবাদিকদের লক্ষ্য করে ১২ বার স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়েছে। এসব ঘটনায় কয়েকজন সাংবাদিক শ্বাসকষ্টে ভুগেছেন।
গাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহের সময় ছয় সাংবাদিককে মারধর করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের শরীরে রক্তাক্ত জখম হয়েছে, যার কয়েকটি ঘটেছে গোলার টুকরোর আঘাতে। আরও দুজন সাংবাদিককে আটক এবং চারজনকে তাঁদের সংবাদ প্রকাশের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কার্যালয়ে অভিযান, সরঞ্জাম জব্দ
জুলাইয়ে সাংবাদিকদের বাড়ি ও গণমাধ্যম কার্যালয়ে চারটি অভিযান চালানোর ঘটনাও নথিভুক্ত করেছে ফ্রিডমস কমিটি। এর মধ্যে একটি গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া সাংবাদিকদের ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম জব্দ বা নষ্ট করার তিনটি ঘটনা এবং ধারণ করা ভিডিও মুছে ফেলার দুটি ঘটনা নথিভুক্ত হয়েছে।
আল-আকসা মসজিদ চত্বরের আশপাশ থেকে সাংবাদিকদের সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে দুইবার।
ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ‘হুমকি, হামলা ও হয়রানি থেকে মুক্তভাবে’ কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
জুলাইয়ের এই হিসাব এমন এক সময়ে প্রকাশ করা হলো, যখন গাজায় সাংবাদিকদের জন্য পরিস্থিতি ইতিমধ্যে বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সময়গুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
অধিকারকর্মী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ২৭০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। একই সময়ে সাংবাদিকদের নির্বিচারে আটকের ঘটনাও ব্যাপকভাবে নথিভুক্ত হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ২০২৩ সালে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর তাদের ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্য যেকোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের তুলনায় এই সংখ্যা বেশি।
সূত্র: আলজাজিরা