ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে চীন ও রাশিয়ার সাথে বৈঠকের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা বাড়াতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার সঙ্গে পৃথক বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শি চিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সম্ভাব্য বৈঠক গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে পারে। এসব আলোচনায় পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আন্তর্জাতিক নিরাপত্তার বিভিন্ন বিষয় উঠে আসবে। একই সঙ্গে ইরান যুদ্ধ বন্ধে সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা করার কথা জানান তিনি।
ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। ইরানে সরবরাহ প্রবেশ বন্ধ করতে স্থল ও নৌপথে চাপ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অপারেশন আয়রন গেট’-এর আওতায় ইরানের স্থলপথে সরবরাহ প্রবেশ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নৌপথে সরবরাহ ঠেকাতেও অবরোধ কার্যকর রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনাও গুরুত্ব পাচ্ছে। শি চিনপিং ও পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠক হলে ইরান সংকটের পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের মতো বিষয়ও আলোচনায় আসতে পারে।
এপেক প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। বর্তমানে সংগঠনটির সদস্য ২১টি অর্থনীতি। অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ সদস্য দেশগুলোর নেতারা প্রতিবছর এ সম্মেলনে অংশ নেন। এবারের সম্মেলন চীনের শেনজেনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।