কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতা ও বিতর্কের অবসান ঘটিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৪১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নমিতা দত্ত। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হেমায়েত উদ্দিন লিটন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকুর রহমান মিরাজ।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া মহিলা কলেজের মিলনায়তনে আয়োজিত এক সভায় নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী এবং সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা। তাঁদের উপস্থিতিতে নতুন নেতৃত্ব নির্ধারণের মধ্য দিয়ে সংগঠনটির দীর্ঘদিনের সাংগঠনিক অচলাবস্থা কাটিয়ে কার্যক্রমে নতুন গতি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে কলাপাড়ায় শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও মননশীল বিকাশে খেলাঘরের কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাশাপাশি শিশু-কিশোরদের সুস্থ সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরিতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের দীর্ঘদিনের ঐতিহ্য ও আদর্শ ধরে রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের সাংগঠনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।