টানা তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ঢল

মো. নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

বরিশাল

টানা তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ঢল

সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে যুক্ত হয়েছে শ্যামা পূজার সরকারি ছুটি। টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে নেমেছে পর্যটকদের ঢল। বৃহস্পতিবার বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন বাড়তে শুরু করে। সন্ধ্যার পর পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকত এলাকা।

‘সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি’ হিসেবে পরিচিত কুয়াকাটার জিরো পয়েন্টে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আনন্দে মেতে উঠেছেন আগত পর্যটকরা। কেউ সমুদ্রের ঢেউয়ে গা ভাসিয়ে উপভোগ করছেন সাগরের সৌন্দর্য, আবার কেউ বালুচরে খেলায় মেতে উঠেছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের বিশালতা ও প্রাকৃতিক সৌন্দর্য।

শুধু জিরো পয়েন্ট নয়, কুয়াকাটার দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের লেম্বুরবন, চর গঙ্গামতিসহ বিভিন্ন পর্যটন স্পটেও বেড়েছে দর্শনার্থীদের আনাগোনা।

হোটেল-মোটেলে শতভাগ বুকিং

তিন দিনের ছুটিকে ঘিরে পর্যটকের ব্যাপক উপস্থিতিতে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষের শতভাগ বুকিং হয়ে গেছে। পর্যটকদের বাড়তি উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ফিরেছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। খাবারের দোকান, শুঁটকি, পোশাক, কসমেটিকস ও বিভিন্ন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায় বেড়েছে বেচাকেনা।

ব্যবসায়ীরা বলছেন, ছুটির দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। এতে স্থানীয় পর্যটন ব্যবসার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে আশা করছেন তারা।

নিরাপত্তায় পুলিশের তৎপরতা

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত ও গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। পর্যটকদের নির্বিঘ্নে ঘোরাফেরা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

টানা ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের এই উপস্থিতি পর্যটননির্ভর স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।