৬২ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রায় ভিড়লো মাদার ভ্যাসেল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

বরিশাল

৬২ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রায় ভিড়লো মাদার ভ্যাসেল

৬২ হাজার ১০০ মেট্রিকটন কয়লা নিয়ে কলাপাড়ার পায়রা বন্দরে ভিড়েছে এমভি এমবিএস তাইসি' নামের একটি মাদার ভ্যাসেল। গতকাল রাত আটটায় সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের বর্হিনোঙ্গরে (৫০ কিলোমিটার গভীর সাগরে) এসে পৌছায়।

১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের এবং সাড়ে ১৩ মিটার গভীরতার 'জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে। বহন করে নিয়ে আসা এসব কয়লা পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানী হিসেবে ব্যবহৃত হবে।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস.এম শরিফুর রহমান বলেন, গতকাল রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের আউটারে এসে নোঙ্গর করে। আজ থেকেই পন্য খালাস কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি পন্য খালাস করে জাহাজটি টার্মিনালে এসে বাকি পন্য খালাস করবে। এখন থেকে একের পর এক জাহাজ আসতে থাকবে।