২ ধাপেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স, জানুন ফি ও আবেদনের নিয়ম

ডেক্স নিউজ:
০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

জাতীয়

২ ধাপেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স, জানুন ফি ও আবেদনের নিয়ম ছবি-সংগৃহীত

ড্রাইভিং লাইসেন্স পেতে আবেদনকারীদের মূলত দুটি ধাপের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। প্রথম ধাপে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা পোর্টালে (বিএসপি) অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ গ্রহণের পর লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।

শিক্ষানবিশ লাইসেন্সের আবেদন যেভাবে

বিআরটিএর তথ্য অনুযায়ী, শিক্ষানবিশ লাইসেন্সের আবেদন করতে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সনদ, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল এবং শিক্ষাগত যোগ্যতার সনদ।

এক ক্যাটাগরির লাইসেন্সের জন্য শিক্ষানবিশ লাইসেন্সের ফি ৫১৮ টাকা। আর দুই ক্যাটাগরির জন্য ফি ৭৪৮ টাকা।

শিক্ষানবিশ লাইসেন্স পাওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।

চূড়ান্ত লাইসেন্সের আবেদন

প্রশিক্ষণ ও নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্যও বিএসপির মাধ্যমে আবেদন করতে হবে।

বিআরটিএ জানিয়েছে, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ফি ৪ হাজার ৬২৮ টাকা এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ফি ২ হাজার ৮৩২ টাকা।

পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের সঙ্গে ডোপ টেস্টের সনদ জমা দিতে হবে।

আবেদন অনুমোদনের পর মিলবে ই-লাইসেন্স

চূড়ান্ত লাইসেন্সের আবেদন অনুমোদিত হলে আবেদনকারী ই-ড্রাইভিং লাইসেন্স পাবেন। তবে অনলাইনে ফি পরিশোধের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে ব্যবহারের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিআরটিএ।

অর্থাৎ, ড্রাইভিং লাইসেন্স পেতে প্রথমে শিক্ষানবিশ লাইসেন্স, এরপর প্রশিক্ষণ ও নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।