চাটমোহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ আশরাফুল ইসলাম, পাবনা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

রাজশাহী

চাটমোহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনার চাটমোহরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান, চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিউর রহমান, বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, রবিউল করিম তারেক, ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, মুক্তিযোদ্ধা ইমামিউজ্জ গমেজ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং ফুলচাঁদ হোসেন শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে ঐক্য, সংহতি এবং দেশপ্রেমের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তারা।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাসাস ও চাটমোহর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এতে সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকরা এসব পরিবেশনা উপভোগ করেন।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।