করপোরেট ফুটসালে এশিয়ান গ্রুপের হ্যাটট্রিক শিরোপা ফাইনালে ক্লিফটন গ্রুপকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন স্বাগতিকরা
চট্টগ্রামের করপোরেট অঙ্গনে ক্রীড়া উন্মাদনা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে শেষ হয়েছে ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় আসর। জমজমাট ফাইনালে ক্লিফটন গ্রুপকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে স্বাগতিক এশিয়ান গ্রুপ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টায় বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। নির্ধারিত সময়ের খেলা শেষে ২-১ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে এশিয়ান গ্রুপ।
এশিয়ান গ্রুপের হয়ে দুটি গোলই করেন তুষার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন প্রতিমন্ত্রী
ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম; বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিম চৌধুরী ও সাইফ উল্লাহ মনসুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএর সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন।
করপোরেট প্রতিষ্ঠানে ক্রীড়া সংস্কৃতির প্রশংসা
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পেশাগত কাজের পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে খেলাধুলার মাধ্যমে যে মেলবন্ধন তৈরি হচ্ছে, তা প্রশংসনীয়। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, সুস্থ দেহ ও মন গড়ে তোলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চট্টগ্রামে এশিয়ান গ্রুপ যে ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলছে, সেটিকে অনুকরণীয় বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রীতির বন্ধন জোরদার করাই লক্ষ্য
টুর্নামেন্টের মূল পরিকল্পনাকারী ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ব্যস্ত করপোরেট জীবনের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও যোগাযোগ বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই প্রতিবছর এ আয়োজন করা হয়।
তিনি বলেন, ব্যবসায়িক কার্যক্রমের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বের নতুন ক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, দেশের শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এক প্ল্যাটফর্মে এনে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করেছে এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগ। প্রতিটি আসরেই আয়োজনকে নতুন মাত্রায় নেওয়ার চেষ্টা করা হয়।
অংশ নেয় ২৪ করপোরেট প্রতিষ্ঠান
এবারের টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। গত ৩০ অক্টোবর বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এবারের আসর।
ছবির ক্যাপশন: তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপের হাতে ট্রফি তুলে দিচ্ছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।