রেকর্ড গড়া ম্যাচে ভারতকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়
ছবি-সংগৃহীত
আধুনিক ক্রিকেটে টি-টোয়েন্টিতে আড়াইশ রানের লক্ষ্য দিয়েও জয় নিশ্চিত নয়। গতকাল রাঁচিতে ঠিক তেমনটাই ঘটেছে ভারতের বিপক্ষে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আড়াইশ রানের পুঁজি গড়েও জয় পায়নি স্বাগতিকরা। শাই হোপের বিধ্বংসী সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে দারুণ এক জয় উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচে জন্ম নিয়েছে অসংখ্য কীর্তি ও রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভারতের এটি সর্বোচ্চ ২৪৯ রানের দলীয় ইনিংস। সংক্ষিপ্ত সংস্করণে উইকেটরক্ষক-অধিনায়ক হিসেবে শাই হোপের এটি দ্বিতীয় সেঞ্চুরি, যা এক অনন্য রেকর্ড। ভারতের বিপক্ষে ক্যারিবিয়ানরা মেরেছে ২০টি ছক্কা, যা প্রতিপক্ষের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে শাই হোপ ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন।
হোপ ও শেরফান রাদারফোর্ডের ১২০ রানের জুটিটি চতুর্থ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ। সঞ্জু স্যামসনের ৮২ এবং হোপের অপরাজিত ১০২ রানের সুবাদে দুই উইকেটরক্ষকের মোট রান দাঁড়িয়েছে ১৮৪, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। টি-টোয়েন্টিতে রান তাড়ার দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের এই জয় দ্বিতীয় সর্বোচ্চ। রাঁচির এই ম্যাচে দুই দলের মোট রান হয়েছে ৫০১, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।