লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ডেক্স নিউজ
২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

জাতীয়

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ছবি- সংগৃহীত

লিবিয়ায় অবস্থানরত ১৭৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে। এ কার্যক্রমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহযোগিতা করেছে।

ফিরে আসা বাংলাদেশিদের বড় একটি অংশ মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকে অপহরণ, শারীরিক নির্যাতনসহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইওএমের প্রতিনিধিরা।

প্রত্যাবাসিত প্রত্যেক বাংলাদেশিকে দেশে ফেরার পর প্রাথমিক সহায়তা হিসেবে যাতায়াত ব্যয়, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কারও সাময়িক থাকার প্রয়োজন হলে অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করেছে আইওএম।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএমের সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।