শিকাগো সিটিতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন

ডেক্স নিউজ
২৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

আন্তর্জাতিক

শিকাগো সিটিতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে সিটি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নামফলকটি উন্মোচন করে।

বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির অবস্থান বিশ্বখ্যাত উইলিস টাওয়ারের পাশে। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো সিটি কাউন্সিল নামকরণের চূড়ান্ত অনুমোদন দেয়।

রাষ্ট্রদূত জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে এ প্রস্তাব উত্থাপন করেন। পরে পরিবহন ও জনপথবিষয়ক কমিটি ১৪ অক্টোবর প্রস্তাবটির পক্ষে সর্বসম্মত সুপারিশ করে।

মুশফিকুল ফজল আনসারী এ উদ্যোগের জন্য শিকাগোর বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অভিনন্দন জানান। বিশেষ করে শাহ্ মোজাম্মেল নান্টুসহ সংশ্লিষ্টদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে শিকাগো শহরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল।