টানা বৃষ্টিতে নাচোলে জনজীবন বিপর্যস্ত, পাকা আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
২৩ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

রাজশাহী

টানা বৃষ্টিতে নাচোলে জনজীবন বিপর্যস্ত, পাকা আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় টানা তিন দিনের বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। নিম্নাঞ্চল ও বিভিন্ন গ্রামীণ এলাকায় পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। একই সঙ্গে মাঠে থাকা পাকা আমন ধান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে।

টানা বর্ষণের কারণে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না অনেকেই। বিভিন্ন গ্রামের কাঁচা সড়ক ও চলাচলের পথ কাদায় একাকার হয়ে পড়ায় যোগাযোগেও ভোগান্তি বেড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কৃষি ও দিনমজুরনির্ভর এলাকার বাসিন্দারা।

কৃষকদের ভাষ্য, জমিতে পানি জমে থাকায় পাকা আমন ধান নুয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে ধানের শীষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পচন ধরতে পারে। দীর্ঘদিন বৃষ্টি অব্যাহত থাকলে ফলন কমে যাওয়ার পাশাপাশি ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার খরচও বেড়ে যেতে পারে।

উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক আমির হোসেন বলেন, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করে তিনি আমন চাষ করেছেন। এখন ধান কাটার সময় জমিতে পানি জমেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

আরেক কৃষক মনিরুল ইসলাম বলেন, পাকা ধান ঘরে তোলার সময় এমন টানা বৃষ্টি তাঁদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধানের পাশাপাশি খড়ও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। নিয়মিত কাজ না পাওয়ায় অনেকের আয় বন্ধ হয়ে গেছে। নেজামপুর বাজারের ভ্যানচালক মন্টু আলী জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন ভ্যান চালিয়ে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় করেন তিনি। কিন্তু গত তিন দিনে বৃষ্টির কারণে আয় নেমে এসেছে প্রায় ২০০ টাকায়। বৃষ্টি আরও কয়েক দিন চললে সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি।

নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সন্দীপনা সরকার জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় ২২ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের প্রত্যাশা রয়েছে। বর্তমান বৃষ্টিপাত আর না বাড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের কিছুটা লোকসানের মুখে পড়তে হতে পারে।