পৃথক অভিযানে চাটমোহর উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩
পাবনার চাটমোহরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীরসহ তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চাটমোহর উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীর, গুনাইগাছা ইউনিয়ন শাখার সভাপতি মো. রাসেল হোসেন এবং একই সংগঠনের কর্মী রাশেদুল ইসলাম।
চাটমোহর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার গুনাইগাছা এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাসেল হোসেন ও কর্মী রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে হরিপুর এলাকায় অপর এক অভিযানে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান জানান, আটককৃতরা উপজেলায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে রবিবার (২২ নভেম্বর) তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।