ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন, হতাহত নেই
ছবি - সংগৃহীত (এএফপি)
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাতের এ ঘটনায় স্থাপনাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, একই রাতে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি আকাশপথের হামলা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘ইরানের আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে। মন্ত্রণালয়ের ভাষ্য, হামলার পর প্রাথমিকভাবে কিছু ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
তবে ঠিক কোন শিল্প স্থাপনায় হামলা হয়েছে এবং সেটির অবস্থান কোথায়—এ বিষয়ে বিস্তারিত জানায়নি বাহরাইনের কর্তৃপক্ষ।
এর আগে হামলার আশঙ্কায় দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এ সময় বাসিন্দাদের কাছাকাছি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
বাহরাইনে হামলার পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, আল-রিফা ও আওয়ালি এলাকায় থাকা মার্কিন সামরিক অবস্থানকে অভিযানের লক্ষ্যবস্তু করা হয়। হামলায় যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও লঙ্ঘনের জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন প্রবেশের পর ওই অভিযান পরিচালনার দাবি করেছে আইআরজিসি।
এর আগে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনে মার্কিন বাহিনীর ব্যবহৃত শেখ ইসা ও জুফাইর সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
ক্ষেপণাস্ত্র নিয়ে পাল্টাপাল্টি দাবি
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে গিয়ে আঘাত হানে। এতে সেখানে বড় ধরনের আগুনের সূত্রপাত হয় বলে দাবি করা হয়েছে।
বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাতে ইরনা আরও জানিয়েছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উপসাগরীয় অঞ্চলে বাড়ছে উত্তেজনা
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে দেশটিতে এর আগেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক দিনগুলোতে কয়েক সপ্তাহের বিরতির পর বাহরাইনে তিনটি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের সঙ্গে সংঘাতের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও হামলার ঝুঁকিতে পড়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাহরাইন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানকে নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব মেনে চলতে বাধ্য করার দাবি জানিয়েছে। ওই প্রস্তাবে উপসাগরীয় দেশ ও জর্ডানে ইরানের হামলার নিন্দা জানিয়ে শত্রুতা বন্ধ এবং সামুদ্রিক চলাচলে বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
এদিকে বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। সংগঠনটির মহাসচিব জাসিম মোহাম্মদ আলবুদাইউই বলেছেন, বাহরাইনের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা, স্থাপনা এবং নাগরিকদের সুরক্ষা জিসিসিভুক্ত সব দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যেকোনো হুমকি মোকাবিলায় জিসিসি ঐক্যবদ্ধ রয়েছে বলেও জানান তিনি। বাহরাইন পরিস্থিতি মোকাবিলায় যে পদক্ষেপ নেবে, সেগুলোর প্রতিও জিসিসির সমর্থন থাকবে বলে উল্লেখ করেন মহাসচিব।