বেড়ায় রাজনৈতিক সংঘর্ষের পর ওসি নয়ন কুমার প্রত্যাহার
ছবি- সংগৃহীত
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনার পর বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর পরিবর্তে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।
পুলিশ সুপার জানান, সংঘর্ষের পর বর্তমানে বেড়া পৌর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
কয়েক ঘণ্টার সংঘর্ষে উত্তেজনা
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১১টার দিকে বেড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে তা পর্যায়ক্রমে আশপাশের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে জিসান (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, একজন কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। এ ছাড়া আহত বা নিহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো পুলিশের কাছে নেই। এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি এবং কাউকে আটকও করা হয়নি।
কয়েক দিন ধরে চলছিল উত্তেজনা
স্থানীয় সূত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার থেকে বেড়া পৌর এলাকার কয়েকটি মহল্লায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এর ধারাবাহিকতায় গত দুই দিনে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বেড়া থানার সামনে বিক্ষোভ করেন। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা সভার পর ফের সংঘর্ষ
পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকালে বেড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ সময় ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
এরপর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষটি আশপাশের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়লেও সন্ধ্যার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে সংঘর্ষের পর বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কাও দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।