চাঁপাইনবাবগঞ্জে একদিনে ২২ ডেঙ্গু রোগী ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন ৮৭ জন
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে নতুন করে ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা সমান। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১৭ জন, গোমস্তাপুরে ৩ জন এবং শিবগঞ্জে ২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নাচোল ও ভোলাহাটে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি।
এ সময়ে জেলা হাসপাতাল থেকে একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩ জন। গোমস্তাপুরে ২ জন ও নাচোলে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট ৪ হাজার ৩৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময় রোগটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।
হাসপাতালভিত্তিক হিসাবে জেলা হাসপাতালে ৫৪ জন, গোমস্তাপুরে ১৮ জন, ভোলাহাটে ৭ জন, শিবগঞ্জে ৫ জন এবং নাচোলে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পানির পাত্রসহ এডিস মশার প্রজনন উপযোগী স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও বলেন, জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ব্যক্তিগত সতর্কতা ও সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন।