ফ্রিল্যান্সিংয়ে বদলে যেতে পারে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙ্গামাটি প্রতিনিধি:
২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

জাতীয়

ফ্রিল্যান্সিংয়ে বদলে যেতে পারে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামের বেকার তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে তুলতে পারলে এ অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। প্রচলিত কর্মসংস্থানের পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর আয়ের সুযোগ সৃষ্টি করে পাহাড়ের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শুক্রবার (২১ নভেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এ লক্ষ্য বাস্তবায়নে ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে সরকার সহায়তা ও প্রণোদনা প্রদান করছে।

তিনি জানান, ফ্রিল্যান্সারদের কাজের সুবিধার্থে একাধিক ই-পেমেন্ট গেটওয়ে চালু করা হয়েছে। পাশাপাশি কর ও ভ্যাটসংক্রান্ত প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক বাজারে কাজ করে অর্জিত অর্থ লেনদেনে উদ্যোক্তারা আরও সুবিধা পান।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সহজ নয়। তবে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে পারলে তুলনামূলক কম ব্যয়ে দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

তিনি আরও বলেন, কোনো প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে একজন বেকার তরুণ দক্ষতা অর্জন করলে তার অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রশিক্ষণপ্রাপ্তদের বড় অংশ আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক অর্থনীতিতে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন। একপর্যায়ে তাদের কেউ কেউ উদ্যোক্তা হয়ে অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করবেন।

এভাবে ব্যক্তিগত আয়ের পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়বে এবং গড়ে উঠবে নতুন অর্থনৈতিক বলয়। এর ধারাবাহিক প্রভাব পুরো দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তরুণদের বড় সম্ভাবনা

আন্তর্জাতিক কর্মবাজারের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলোর অনেক কল সেন্টার ও সেবামূলক কার্যক্রম অন্যান্য দেশে পরিচালিত হচ্ছে। এর অন্যতম কারণ হলো, এসব দেশ প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত ও দক্ষ জনবল তৈরি করতে পেরেছে।

বাংলাদেশের তরুণ-তরুণীদের মেধা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে তারাও আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারবেন। এমনকি নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

স্থানীয় বাজারে অর্থের প্রবাহ বাড়ানোর আহ্বান

স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে মীর হেলাল বলেন, একজন ব্যক্তি যখন নিজের এলাকার বাজারে পাঁচ হাজার টাকা খরচ করেন, তখন সেই অর্থের সুফল একাধিক মানুষের কাছে পৌঁছে যায়। সবজি বিক্রেতা, মুরগি সরবরাহকারী, কাপড় ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ এর মাধ্যমে উপকৃত হন।

স্থানীয় পর্যায়ে এ ধরনের অর্থনৈতিক লেনদেন যত বাড়বে, তত বেশি মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাই উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রতিটি এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শুধু প্রধানমন্ত্রী কিংবা কোনো একটি মন্ত্রণালয়ের পক্ষে দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে এবং মানুষের স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ফ্রিল্যান্সিং, ই-লার্নিংসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

প্রশিক্ষণার্থীদের হাতে সনদ বিতরণ

অনুষ্ঠানের একপর্যায়ে সফলভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন করা তরুণ-তরুণীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডলসহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা

আরো জানুন ------মসজিদকে ঘিরেই গড়ে উঠুক নৈতিকতা ও মানবিক সমাজ