দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম চালুর উদ্যোগ সরকারের
আদালতে মামলার দীর্ঘসূত্রতা ও বিচারিক চাপ কমাতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থার মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হবে। এতে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আদালতের ওপর মামলার চাপও কমবে বলে আশা করা হচ্ছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন, ন্যায়বিচার পাওয়া কোনো বিশেষ শ্রেণির মানুষের একক অধিকার নয়; এটি দেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা (এডিআর) কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’।
আইনমন্ত্রী বলেন, প্রচলিত বিচারিক প্রক্রিয়ায় মামলা পরিচালনা করতে গিয়ে সাধারণ পরিবারগুলোকে দীর্ঘ সময় ধরে আর্থিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ এ পরিস্থিতিতে বেশি ভোগান্তির শিকার হন। এ ধরনের সমস্যা থেকে উত্তরণে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি জানান, লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আদালতে মামলা করার আগেই পারিবারিক ও দেওয়ানি বিরোধ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের সুযোগ তৈরি হচ্ছে।
প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, দক্ষ মধ্যস্থতাকারী এবং মানুষের আস্থার উপযোগী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা গেলে অনেক নাগরিক আদালতকেন্দ্রিক বিরোধের পরিবর্তে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী হন। ইতোমধ্যে পারিবারিক ও দেওয়ানি বিরোধের উল্লেখযোগ্য অংশ মামলা হওয়ার আগেই নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এতে নতুন মামলা দায়েরের প্রবণতা কমানোর পাশাপাশি প্রচলিত বিচারব্যবস্থার ওপর চাপ হ্রাস পাচ্ছে।
তিনি আরও বলেন, পরীক্ষামূলক প্রকল্পে অর্জিত সাফল্যকে এবার দেশব্যাপী স্থায়ী ব্যবস্থায় রূপ দিতে হবে। এ লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বিস্তারে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বিরোধ নিষ্পত্তিতে সংঘাতের পরিবর্তে সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এ সময় জাপান সরকার ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার ও আইন খাতের উন্নয়নে জাপানের কারিগরি সহযোগিতা এবং ধারাবাহিক সমর্থন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির উপস্থিতি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ।
বাণিজ্যিক আদালত আইন প্রণয়নের বিষয়ে তিনি বলেন, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীর অভিজ্ঞতা ও তথ্য বিবেচনায় নিয়ে আইনটির খসড়া নতুন করে সাজানো হচ্ছে। বাংলাদেশে বিনিয়োগ করতে এসে কোনো বিদেশি উদ্যোক্তা যেন বিচারিক বা আইনি প্রক্রিয়ার অযৌক্তিক হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। আদালত কিংবা আইনি ব্যবস্থার অপব্যবহার করে বিদেশি বিনিয়োগকারীদের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন এবং বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো।
এ ছাড়া প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো প্রকল্পের উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা তুলে ধরেন।
সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাইকার মধ্যে অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নসংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা, লিগ্যাল এইড অফিসার, আইনজীবী, জাইকার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরো জানতে ----রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর