রাজু মোল্লা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় কৃষক দলের বিক্ষোভ মিছিল

শামীম পারভেজ, গাইবান্ধা জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

রংপুর

রাজু মোল্লা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় কৃষক দলের বিক্ষোভ মিছিল

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা কৃষক দলের উদ্যোগে শহরে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে কৃষক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহফুজার রহমান রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুজ্জামান খান লোহানী তুষারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রো।

এ ছাড়া বক্তব্য দেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মুকুল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, গাইবান্ধা সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু তাহের, সুন্দরগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক হোসেন, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম মধু এবং সুন্দরগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম।

সমাবেশে বক্তারা রাজু মোল্লা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

বক্তারা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক, ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলার ঘটনায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হন বলে আয়োজকদের বক্তব্যে উল্লেখ করা হয়। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা কৃষক দল এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।