গাইবান্ধায় কৃষক দলের সমাবেশ ও মিছিল
গাইবান্ধায় কৃষক দলের সমাবেশ ও মিছিলগাইবান্ধা প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় সমাবেশ ও মিছিল করেছে জেলা কৃষক দল।
জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহাফুজুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন আনিছুজ্জামান খান লোহানি তুষার। কর্মসূচিতে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর নবী টুটুল, গাইবান্ধা পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এবং জেলা ছাত্রদলের সদস্যসচিব ওয়ালিদ শাকিল।
এ ছাড়া গাইবান্ধা সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু তাহের সরকার, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম মধু, সুন্দরগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্যসচিব হামিদুল ইসলামসহ বিভিন্ন উপজেলা কৃষক দলের নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আমিনুল ইসলাম। তিনি বলেন, তাঁর দলের দৃষ্টিতে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে। নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট এবং দলটির নেতাকর্মীরা কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
পরে সমাবেশস্থল থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে গাইবান্ধার বিভিন্ন উপজেলায়ও পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অভিযোগের প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো পৃথক কর্মসূচি পালন করেছে।