গাইবান্ধায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
শামীম পারভেজ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে প্রতিযোগিতার জেলা পর্যায়ের নকআউট পর্বের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার সাতটি পুরুষ দল ও দুটি নারী দল অংশ নিচ্ছে। উদ্বোধনী পর্বে খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রতিযোগিতাকে ঘিরে মাঠে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলামুখী করা এবং তাদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করাও এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।
প্রতিযোগিতার জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়েছে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স পর্যালোচনা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, জেলার ক্রীড়া কর্মকর্তা, আরআই, পুলিশ লাইন্স গাইবান্ধাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। এ সময় প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দেরও উপস্থিত থাকতে দেখা যায়।
আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে উঠবে। একই সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়বে।