বালিয়াডাঙ্গীতে পুলিশের অভিযানে ৩৩ মামলার আসামিসহ গ্রেপ্তার ২, ইয়াবা উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম কথিত ট্যাপেন্টাডল গুঁড়াসদৃশ মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন মামলার ৩৩টি মামলার আসামিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গী থানা পুলিশের পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। মাদক কারবারিরা একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে মাদক কেনাবেচা করছে—এমন তথ্য পাওয়ার পর দ্রুত সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে দুইজনকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অপর একজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৩৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় একটি অসাধু চক্র অবৈধভাবে মাদক এনে স্থানীয়ভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এতে বিশেষ করে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে বালিয়াডাঙ্গী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। বালিয়াডাঙ্গী উপজেলাকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।