গাইবান্ধায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শামীম পারভেজ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

রংপুর

গাইবান্ধায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি রাগীব হাসানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি ও সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান রয়েল।

এ ছাড়া গাইবান্ধা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনূস আলী দুখু, সদস্য সচিব আল আমিন, সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমানসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

এ ধরনের অপতৎপরতা বন্ধে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। পাশাপাশি সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক, সচেতন এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।