কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা, আর্থিক সংহতি ও সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) সকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে সমিতির ব্যবস্থাপনা পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল—‘সমবায় শক্তি, সমবায় মুক্তি’।
সমিতির সভাপতি মো. নকীব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর ‘ঘ’ অঞ্চলের পরিচালক মো. খন্দকার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুর রহিম এবং কালবের পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. শাহাদাৎ হোসেন বিশ্বাস ও সাবেক সভাপতি মো. ইউসুফ আলী। সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. বেলাল হোসেন, নুরুজ্জামান খান বাদল, মোহাম্মদ মাসুম বিল্লাহ ও আসাদুজ্জামান খান। সভায় কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
সভার সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে। পরে সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার মূল প্রবন্ধ ও বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। প্রতিবেদনে সমিতির কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়গুলো উপস্থাপন করা হয়।
সদস্যদের পরিবারের শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী সন্তানদের সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেওয়া হয়। আলোচনা শেষে সদস্যদের অংশগ্রহণে লটারির আয়োজন করা হয়। এতে ৪০ জন বিজয়ীকে আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি নুরুল হক ও কোষাধ্যক্ষ আব্দুর রহমান জাফর।
আরো জানুন ---রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা হামলা, গুলিবর্ষণ