দেশের চাহিদা পূরণের পর মাংস রপ্তানির পরিকল্পনা সরকারের
দেশে মাংসের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত উৎপাদন আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে খামারিদের উৎসাহিত করতে বিভিন্ন প্রণোদনা ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ সম্পৃক্ত। প্রাণিসম্পদের উৎপাদন ও খামার সম্প্রসারণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। খামারিদের উৎপাদন বাড়াতে উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে মাংস রপ্তানির সুযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিম ও সংগঠনের সদস্য, বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
আরো জানুন ----ইংরেজি ও ডিজিটাল শিক্ষায় দক্ষতা অর্জনের তাগিদ পার্বত্য মন্ত্রীর