দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা

ঢাকা-জোহানেসবার্গ ও কেপটাউন রুটে ফ্লাইট চালুর বিষয় বিবেচনা করবে সরকার

ডেক্স নিউজ
২৫ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

জাতীয়

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ।

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬: দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করবে সরকার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের (Anil Sooklal) নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে দুই দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে বিমান যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় দক্ষিণ আফ্রিকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন দেশটির হাইকমিশনার।

এ ছাড়া দুই দেশের পর্যটন খাতের উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহের কথাও জানান তিনি।

জবাবে মন্ত্রী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতের সুবিধার্থে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার বিবেচনা করবে বলে তিনি আশ্বস্ত করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।