পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নে একযোগে কাজ করছে সরকার ও ইউএনডিপি: প্রতিমন্ত্রী
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একযোগে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নিজের অফিসকক্ষে ইউএনডিপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতির চাকা আরও শক্তিশালী করার পাশাপাশি পাহাড়ের দুর্গম এলাকায় সব ধরনের নাগরিক সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে ইউএনডিপির চলমান কার্যক্রমের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পাহাড়ি জনপদের আর্থসামাজিক উন্নয়নে জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। আগামী দিনগুলোতে বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপি তাদের সহযোগিতা আরও জোরদার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ইউএনডিপি প্রতিনিধিদল পার্বত্য অঞ্চলে সংস্থাটির চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় টেকসই কৃষি পদ্ধতি, উদ্যানপালন (হর্টিকালচার), মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে ইউএনডিপি প্রশিক্ষণ ও অনুদান দিয়ে আসছে। এছাড়া ‘পাড়া উন্নয়ন কমিটি’ গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সরাসরি সম্পৃক্ত করা হচ্ছে।
প্রতিনিধিদল আরও জানায়, পাহাড়ে ভূমিধস রোধ ও জলাধার সংরক্ষণে কমিউনিটি-ভিত্তিক প্রকল্প পরিচালনার পাশাপাশি পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরিতেও কাজ করছে ইউএনডিপি।
বৈঠকে ইউএনডিপি বাংলাদেশ কান্ট্রি অফিসের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান রড্রিকেস (Stephen Rodriques), ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়্যুগেস প্রধানাং উপস্থিত ছিলেন।