মসজিদকে ঘিরেই গড়ে উঠুক নৈতিকতা ও মানবিক সমাজ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
ছবি-- পিআইডি
ধর্মীয় চেতনা, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতি বিকাশে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলারও কেন্দ্র বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকী মণ্ডলপাড়ায় বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মসজিদ মানুষের মধ্যে ধর্মীয় অনুশাসন, নৈতিক চর্চা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরিতে ভূমিকা রাখে। মসজিদকেন্দ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজে ঐক্য, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।
টেকী মণ্ডলপাড়ায় নির্মিতব্য নতুন মসজিদটি স্থানীয় মুসল্লিদের নিয়মিত নামাজ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগের ক্ষেত্র হিসেবেও গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ধর্মীয় স্থাপনা নির্মাণকে সওয়াব ও কল্যাণের কাজ উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেককে সামর্থ্য অনুযায়ী ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদটির নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া, সার্বিক কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আরো জানুন ----হাটহাজারীতে গৃহহীন পরিবারের হাতে তুলে দেওয়া হলো ৪টি নতুন ঘর