খাদ্যে ভেজাল করলে কঠোর শাস্তি, আইন সংশোধনের উদ্যোগ সরকারের
খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা বন্ধ করতে বিদ্যমান আইন আরও কঠোর ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, শুধু আইন থাকলেই হবে না, এর যথাযথ প্রয়োগও নিশ্চিত করতে হবে। এমন শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল মেশানোর সাহস না পায়।
বুধবার (১৯ নভেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, জনস্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অন্যতম প্রধান দায়িত্ব। শুধু প্রচলিত নিয়মে দায়িত্ব পালন করলেই চলবে না, প্রতিটি সরকারি দপ্তরকে নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে আরও উদ্যোগী হতে হবে।
খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আফরোজা খানম বলেন, বর্তমানে এ অপরাধের জন্য পাঁচ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে অসাধু ব্যবসায়ীদের নিবৃত্ত করতে এ শাস্তি যথেষ্ট নয়। তাই অপরাধের মাত্রা বিবেচনায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করতে আইনকে সময়োপযোগী ও কার্যকর করা প্রয়োজন।
তিনি আরও বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধ কোনো একটি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে আইনজীবী, প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মানিকগঞ্জের বিসিক শিল্পনগরীর উন্নয়ন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, সেখানে যেসব কারখানা দীর্ঘদিন ধরে অব্যবহৃত রয়েছে এবং যেসব প্রতিষ্ঠানের উৎপাদন সম্ভাবনা আছে, সেগুলোর বর্তমান অবস্থা যাচাই করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে। প্রয়োজন অনুযায়ী বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে বন্ধ বা অব্যবহৃত প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে হবে। এতে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, স্থানীয় মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধেও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে মোটরসাইকেল চালানো এবং সেলফি তুলতে গিয়ে সংঘটিত দুর্ঘটনা ঠেকাতে সচেতনতামূলক ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার নির্দেশ দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ছোটখাটো সমস্যা দেখিয়ে কোনো উন্নয়নকাজ দীর্ঘদিন আটকে রাখা যাবে না। প্রকল্প বাস্তবায়নে বাধা দেখা দিলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে খাদ্যমন্ত্রী আফরোজা খানম মানিকগঞ্জ জেলা প্রশাসনের নবনির্মিত ‘মুক্তিযোদ্ধা শিশু পার্ক’ উদ্বোধন করেন। পরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করেন।
এ ছাড়া মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জামিয়া ইসলামিয়া ও মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি।
আরো জানুন ----জানুয়ারির শুরুতেই বাজারে রমজানের খেজুর পৌঁছাতে চান বাণিজ্যমন্ত্রী