শিশুদের সুরক্ষায় সরকারের সাত অগ্রাধিকার, আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

জাতীয়

শিশুদের সুরক্ষায় সরকারের সাত অগ্রাধিকার, আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অঙ্গীকার ছবি-- পিআইডি

শিশুদের জন্য সহিংসতামুক্ত, নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ গড়ে তুলতে সাতটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ সরকার। শিশু সুরক্ষায় সুশাসন ও অর্থায়ন বৃদ্ধি, আইন সংস্কার, নিরাপদ শিক্ষার পরিবেশ, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাসহ এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অঙ্গীকার পর্বে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন।

সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ (EVAC Pledge) উপস্থাপন করে মন্ত্রী বলেন, প্রতিটি শিশুর বেড়ে ওঠার জন্য সহিংসতামুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শিশুদের প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে নির্ধারিত সাতটি অগ্রাধিকার ক্ষেত্র বাস্তবায়নে সরকার কাজ করছে।

মন্ত্রী জানান, শিশু সুরক্ষা কার্যক্রমকে কার্যকর করতে প্রথমেই শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং প্রয়োজনীয় অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। শিশুদের কল্যাণে সরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করাও এ পরিকল্পনার অংশ।

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে শিশুদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালা আরও কার্যকর করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে শিশু আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারের মাধ্যমে সহিংসতা, নির্যাতন ও ক্ষতিকর সামাজিক প্রথা থেকে শিশুদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাবে।

তৃতীয় ক্ষেত্রে শিশুদের প্রতি ইতিবাচক আচরণ ও যত্ন নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে ‘পজিটিভ প্যারেন্টিং’ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে। এর মাধ্যমে সরকারের ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ বা ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ধারণাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।

চতুর্থ অগ্রাধিকারে শিশুদের স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ জন্য স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক সহায়তা এবং সমাজসেবা খাতে প্রয়োজনীয় জনবল বাড়ানোর পাশাপাশি শিশুদের জন্য বিদ্যমান সুরক্ষা ও সহায়তা সেবাগুলো আরও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পঞ্চম অগ্রাধিকার হিসেবে অনলাইন জগতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে। ডিজিটাল মাধ্যমে হয়রানি, নির্যাতন ও অন্যান্য সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জরুরি পরিস্থিতিতেও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

ষষ্ঠ ক্ষেত্রে শিশু সুরক্ষা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কার্যক্রমের ফলাফল পর্যবেক্ষণ, প্রয়োজনীয় উপাত্ত সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সপ্তম ও শেষ অগ্রাধিকার হিসেবে শিশু এবং কিশোর-কিশোরীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তাদের জীবন, অধিকার ও ভবিষ্যৎকে প্রভাবিত করে—এমন নীতি প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করেছে বাংলাদেশ।

সম্মেলনে নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, আইনপ্রণেতা ও সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।

শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় পর্যায়ের উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর বিষয়টিও সম্মেলনে গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের ঘোষিত সাতটি অগ্রাধিকার বাস্তবায়িত হলে শিশুদের নিরাপত্তা, অধিকার সংরক্ষণ এবং সার্বিক বিকাশে প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত করার সুযোগ তৈরি হবে।

আরো পড়ুন ----বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর পদ্ধতির ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী