চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: প্রতিমন্ত্রী

চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক | প্রতিদিনের দেশ
১৫ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

জাতীয়

চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: প্রতিমন্ত্রী

চট্টগ্রামের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক দুর্ভোগ কমাতে নির্বাচনি প্রতিশ্রুতির বাইরেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর গত আট মাসে উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের লালখান বাজারে নবনির্মিত ফুটওভারব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়েছে। দীর্ঘদিন ধরে থমকে থাকা প্রকল্পগুলোতে কাজের অগ্রগতি ফিরেছে। পাশাপাশি মানুষের প্রয়োজন ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এ নগরের মানুষের যাতায়াত নির্বিঘ্ন করা এবং নাগরিক দুর্ভোগ কমাতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। জলাবদ্ধতা নিরসন, সড়ক সম্প্রসারণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুফল নিশ্চিত করা এবং পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা উন্নয়নের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আরও বলেন, চট্টগ্রামে নির্বাচনি প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নগরবাসীর প্রত্যাশা পূরণ এবং উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে নির্মিত ফুটওভারব্রিজটি ‘শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের অংশ। ব্যস্ত লালখান বাজার মোড়ে পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের সুবিধা নিশ্চিত করতেই এটি নির্মাণ করা হয়েছে।

সিডিএর দেওয়া তথ্য অনুযায়ী, আধুনিক নকশায় নির্মিত ফুটওভারব্রিজটির মূল অংশের দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার এবং প্রস্থ ২ দশমিক ৫ মিটার। পথচারীদের ওঠানামা সহজ করতে এতে তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।

ব্রিজটির অবস্থান নির্ধারণ, নকশা ও নির্মাণসংক্রান্ত কারিগরি কার্যক্রমে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করেছে সিডিএ। সংশ্লিষ্টদের আশা, নতুন এই অবকাঠামোর ফলে লালখান বাজার এলাকায় পথচারীদের সড়ক পারাপার আরও নিরাপদ হবে। একই সঙ্গে যান চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পটির পরিচালক মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। এ ছাড়া সিডিএর সচিব নুর-এ-জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন----আমন ধানের কেজি ৩৫ টাকা, কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার