আমন ধানের কেজি ৩৫ টাকা, কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

জাতীয়

আমন ধানের কেজি ৩৫ টাকা, কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ করবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। সে হিসাবে ৪০ কেজি ধান বিক্রি করে একজন কৃষক পাবেন ১ হাজার ৪০০ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ধান-চাল সংগ্রহে কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

মন্ত্রী জানান, চলতি আমন মৌসুমে সারাদেশ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

সরকারি নির্ধারিত সংগ্রহমূল্য অনুযায়ী, প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। ধান সংগ্রহ কার্যক্রম ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের পরিশ্রমেই দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়। কৃষকদের কাছ থেকে পাওয়া সম্মান ও আস্থার মর্যাদা রক্ষা করা তাঁর দায়িত্ব। কৃষকের জীবন-জীবিকার উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও কৃষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, নির্ধারিত সংগ্রহমূল্যে ধান বিক্রির সুযোগ নিশ্চিত করা হবে। লক্ষ্যমাত্রার বাইরে কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে সরকার তা সংগ্রহের বিষয়টি বিবেচনা করবে।

মিলারদের সতর্ক করে মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মানসম্মত চাল সরবরাহ করতে হবে। চালের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কেনা, সংগ্রহমূল্যের তথ্য প্রচার, সঠিকভাবে ধানের মান যাচাই এবং দ্রুত মূল্য পরিশোধের নির্দেশ দেন তিনি। অনিয়ম, দুর্নীতি ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব বরদাস্ত করা হবে না বলেও জানান। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে পুরো কার্যক্রম তদারকির ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান। বিশেষ বক্তব্য দেন খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, এফপিএমইউ-এর মহাপরিচালক মো. মাহাবুব রহমান, কৃষক মুগুর আলী এবং মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।

অনুষ্ঠানে আমন সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে পাঁচজন কৃষকের মধ্যে ওয়েট কোয়ালিটি সনদপত্র বিতরণ করেন খাদ্যমন্ত্রী। এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ কর্মসূচিতে মোট ১ হাজার ৯ জন কৃষককে কৃষি প্রণোদনা দেওয়া হবে। অনুষ্ঠানে ১০ জন কৃষকের হাতে প্রতীকীভাবে প্রণোদনা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন----প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে