দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা পাবেন সরকারি ভাতা: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

জাতীয়

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা পাবেন সরকারি ভাতা: প্রতিমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু হয়েছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে সারা দেশের মসজিদে এ সুবিধা সম্প্রসারণ করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশা খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা প্রদানের কর্মসূচি চালু করেছেন। ইতোমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। পাইলট প্রকল্পের কাজ শেষ হলে তালিকা প্রণয়নের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব মসজিদকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমাজ ও ধর্মীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের অবদান বিবেচনায় নিয়েই সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রম নিয়মনীতি অনুসরণ করেই বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার-বাহাদুরপুর নতুন বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিন নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কমাতে সরকারি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

ওয়াজ মাহফিলে উপস্থিত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠানের পীর হযরত মাওলানা আব্দুল কুদ্দুসকে ধন্যবাদ জানান ইয়াসের খান চৌধুরী। আগামী বছর মাহফিলের সার্বিক উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস।