ডিজিটাল আসক্তি ও মাদক থেকে দূরে থাকতে বই পড়ার অভ্যাস গড়তে হবে: হুইপ বকুল
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত আসক্তি এবং মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বই পড়া ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
তিনি বলেছেন, বই মানুষের চিন্তাশক্তি বিকশিত করে এবং জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। গণতন্ত্র, দেশ ও সমাজ সম্পর্কে সঠিক ধারণা পেতে বই পড়ার বিকল্প নেই। তাই যোগ্য, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে।
১৩ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় খুলনার বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার চতুর্থ দিনের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র’ শীর্ষক এ সেমিনারে তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার থেকে ফিরিয়ে এনে বই, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে হবে।
হুইপ রকিবুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের চর্চা এবং বিকাশেও বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক হুরে জান্নাত, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আব্দুল মান্নান।
আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আশিক উর রহমান এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
এর আগে বিভাগীয় বইমেলা উপলক্ষে হুইপ রকিবুল ইসলামের নেতৃত্বে নগরীর নিউমার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বইমেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।