সত্য ও সাহসী সাংবাদিকতার চার দশক, খুলনায় সংবর্ধিত প্রবীণেরা
সাংবাদিকতা পেশায় চার দশক বা তার বেশি সময় ধরে অবদান রাখা খুলনা প্রেসক্লাবের প্রবীণ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেওয়া হয়। পরে ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
খুলনা প্রেসক্লাবের উদ্যোগে এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। প্রবীণ সাংবাদিকেরা দীর্ঘ কর্মজীবনে সততা, সাহস ও বস্তুনিষ্ঠতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও প্রবীণ সাংবাদিকেরা সত্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের অভিজ্ঞতা ও অবদান খুলনা তথা দেশের সাংবাদিকতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনের সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করতে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া সাংবাদিকেরা হলেন বেগম ফেরদৌসী আলী, আশরাফ-উল-হক, মুনিরউদ্দিন আহমেদ, আহমদ আলী খান, কাজী মোতাহার রহমান, শেখ আবু হাসান, অমিয় কান্তি পাল, গৌরাঙ্গ নন্দী, মুহাম্মদ আবু তৈয়ব, শেখ দিদারুল আলম, মাসুদুর রহমান রানা, মো. আনিসুজ্জামান, মো. এরশাদ আলী, ড. মো. জাকির হোসেন ও এস এম আতিয়ার রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরও শুভেচ্ছা ক্রেস্ট দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান মিজানুর রহমান।
এ ছাড়া খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন সহসভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ; যুগ্ম সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল; কোষাধ্যক্ষ বিমল সাহা; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন; পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক বশির হোসেন। সম্মাননা পান নির্বাহী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল-এর সম্পাদক মোহাম্মদ আলীসহ নির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত।
অনুষ্ঠানে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল, আমন্ত্রিত অতিথি, প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন----খুলনায় ডেঙ্গু প্রতিরোধে দরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ