খালিশপুরে ৫০ পিস ইয়াবা ও টাকাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
খুলনার খালিশপুরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২৪ হাজার ৮০০ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকেলে খালিশপুর থানার ১৮ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুমন ওরফে কাটা সুমন (৩৫) ও মো. জাহাঙ্গীর মিয়া (৪৭)। তাঁরা খালিশপুর থানা এলাকার পৃথক দুটি স্থানে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানার এসআই মো. তন্ময় ডিউরের নেতৃত্বে একটি দল ১৮ নম্বর রোডে সঞ্চিতা অফিসার্স মেসের বিপরীতে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্বচ্ছ পলিথিনে রাখা ৫০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। এ ছাড়া মাদক বিক্রির ২৪ হাজার ৮০০ টাকা জব্দ করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় খালিশপুর থানায় মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, থানার নথি পর্যালোচনায় সুমনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তিনটিসহ মোট ছয়টি মামলা রয়েছে। অপরদিকে জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকসংক্রান্ত ১৩টি ও চুরির দুটি মামলাসহ মোট ১৫টি মামলার তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, তাঁরা এলাকার পরিচিত মাদক কারবারি।