বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই- পিআইব’র নবনিযুক্ত মহাপরিচালক ফারুক ওয়াসিফ
খুলনা ব্যুরো :
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর নবনিযুক্ত মহাপরিচালক ও কবি-সাংবাদিক ফারুক ওয়াসিফ বলেছেন, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। অপসাংবাদিকতা রোধ ও পেশাদারত্ব ধরে রাখতে সাংবাদিকদের প্রশিক্ষণের বিকল্প নেই।
গতকাল খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ এবং পরিবর্তনের মূল হাতিয়ার। পরিবর্তিত প্রেক্ষাপটে ও প্রযুক্তির এ যুগে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ দিন দিন বেড়েছে। অপসাংবাদিকতা রোধ ও পেশাদারত্ব টিকিয়ে রাখতে সাংবাদিকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, ঢাকার বাইরে মফস্বল ও বিভাগীয় পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবি পর্যায়ক্রমে আরো আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।
সভায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, সোহেল মাহমুদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন রুবেল ও ডি এম রেজা সোহাগ সোহাগ দেওয়ান এবং মো. রাজু হাওলাদার বক্তব্য দেন।
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্ব করেন। সভায় সঞ্চালন করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এছাড়া, ক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য মো. আনিসউদ্দিন, সদস্য রামিম চৌধুরী, মো. হুমায়ুন কবীর, মো. খায়রুল আলম, মো. হেলাল মোল্লা, মো. হাসানুর রহমান তানজির, নূরুল আমিন নূর, মো. রাজু আহমেদ, অস্থায়ী সদস্য ফকির শহিদুল ইসলামসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যম সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পিআইবি’র মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো খুলনা প্রেসক্লাব। এরপর মতবিনিময় শেষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর মহাপরিচালক পিআইবি’র প্রকাশিত ছয়টি বই প্রেসক্লাবের লাইব্রেরির জন্য উপহার দেন।