সংবাদ শিরোনাম

উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন যুবদল নেতা সাগর

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন   |   খুলনা

উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন যুবদল নেতা সাগর

খুলনা ব্যুরো :

পায়ের লিগামেন্টের অস্ত্রোপচারের জন্য উন্নত চিকিৎসা নিতে ব্যাংকক যাচ্ছেন খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার আগে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সঙ্গে দেখা করে দোয়া ও পরামর্শ নিয়েছেন তিনি।

প্রায় দুই মাস ধরে অসুস্থ সাগরের চিকিৎসা হবে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখানে তাঁর পায়ের লিগামেন্টে অস্ত্রোপচার করা হবে।

তবে নিজের চিকিৎসার পাশাপাশি মায়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সাগর। শনিবার (৩ অক্টোবর) ঢাকার ধানমন্ডির হারুন আই হাসপাতালে তাঁর মায়ের চোখে জটিল অস্ত্রোপচার হওয়ার কথা। একই সময়ে নিজের চিকিৎসার জন্য বিদেশে যেতে হওয়ায় মায়ের পাশে থাকতে পারছেন না তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সাগর নিজের এই উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি জানান, গত দুই মাস অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। এ সময় তাঁর মা সার্বক্ষণিক পাশে থেকে সেবা-শুশ্রূষা করেছেন। অথচ মায়ের অস্ত্রোপচারের মতো গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকতে না পারার বিষয়টি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি (খুলনা বিভাগ) সাগর পোস্টে আরও উল্লেখ করেন, পরিবারের দুজন সদস্যের একসঙ্গে চিকিৎসা চলায় তাঁরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এই কঠিন সময়ে তিনি নিজের ও মায়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি মহান আল্লাহর কাছে মা ও নিজের পূর্ণ সুস্থতা কামনা করে সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাগরের চিকিৎসার বিষয়ে সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।