জনউদ্যোগ,খুলনার উদ্যোগে খুলনা আর্ট স্কুলে সচেতন তারুণ্য,আগামীর বাংলাদেশ
খুলনা ব্যুদো :
‘সচেতন তারুণ্য, আগামীর বাংলাদেশ: প্রযুক্তি ও সামাজিক চ্যালেঞ্জ’—এই স্লোগানকে সামনে রেখে ২২ সেপ্টম্বর সকালে খুলনায় জনউদ্যোগ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জনউদ্যোগ, খুলনার উদ্যোগে খুলনা আর্ট স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে আরও দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী করা প্রয়োজন। একই সঙ্গে তরুণদের সামনে থাকা সামাজিক ও মানসিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা বলেন, মাদকাসক্তি, অতিরিক্ত ডিজিটাল আসক্তি, হতাশা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও মূল্যবোধের সংকট অনেক তরুণের স্বাভাবিক জীবন ও উৎপাদনশীলতাকে বাধাগ্রস্ত করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয়, অন্যের জীবনযাপনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করার প্রবণতা এবং মানসিক অস্থিরতাও তরুণদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। এসব বিষয় উপেক্ষা করা হলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।
তাঁরা আরও বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু একাডেমিক শিক্ষার ওপর গুরুত্ব না দিয়ে নৈতিক শিক্ষা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়িত্ববোধ ও মানসিক স্বাস্থ্যের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়। তরুণদের জ্ঞানচর্চা, প্রযুক্তি সম্পর্কে সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।