দুই বছর পর সাতক্ষীরায় ফিরল ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা
সাতক্ষীরা প্রতিনিধি:
দুই বছর বন্ধ থাকার পর আবারও উৎসবের আমেজে শুরু হয়েছে সাতক্ষীরার প্রায় ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। বুধবার (১ অক্টোবর) শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বুধবার দুপুরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
মেলা ঘিরে সাতক্ষীরায় উৎসবের আমেজ
দীর্ঘ দুই বছর পর গুড়পুকুরের মেলা ফিরে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মেলা প্রাঙ্গণে ইতোমধ্যে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে। শিশু-কিশোরদের জন্য রয়েছে নানা বিনোদনমূলক আয়োজন।
মেলায় ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য ও খাবারের পাশাপাশি দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানা ধরনের স্টল ও বেচাকেনার ব্যবস্থা রাখা হয়েছে। পরিবার-পরিজন নিয়ে মেলায় আসছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী গুড়পুকুরের মেলা শুধু বিনোদনের আয়োজন নয়, এটি সাতক্ষীরার মানুষের সামাজিক মিলন ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি অংশ।
তাদের প্রত্যাশা, এবারও মেলাটি সাতক্ষীরার মানুষের জন্য আনন্দ-বিনোদনের পাশাপাশি জেলার অন্যতম বড় মিলনকেন্দ্র হিসেবে প্রাণ ফিরে পাবে।
মেলা চলবে: ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
আরো পড়ুন----স্কুল থেকেই পলিথিনবিরোধী আন্দোলনে শিশুদের নেতৃত্ব দিতে হবে