সংবাদ শিরোনাম

শ্যামনগরে কেওড়া ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন   |   খুলনা

শ্যামনগরে কেওড়া ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু শ্যামনগরে কেওড়া গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে কেওড়া গাছ থেকে পড়ে রহমত আলী (৪৫) নামে এক ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সুন্দরবনসংলগ্ন রমজাননগর ইউনিয়নের গোলাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমত আলী রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজর আলীর ছেলে। তিনি শ্যামনগর উপজেলার মানিকখালী গ্রামের হুমায়নের একটি ঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় জেলে রবীন্দ্রনাথ জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কেওড়া ফল পাড়তে গাছে ওঠেন রহমত আলী। এ সময় বৃষ্টির কারণে গাছটি ভেজা থাকায় পা পিছলে নিচে পড়ে যান তিনি। একই সঙ্গে গাছের একটি ডালও ভেঙে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।