খুলনায় ডেঙ্গু প্রতিরোধে দরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে খুলনা নগরীর খালিশপুরে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন
ডেঙ্গু প্রতিরোধে খুলনা নগরীর খালিশপুরে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকেল ৪টায় চরেরহাটস্থ খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিন মাস ডেঙ্গু প্রতিরোধে কাজ চলমান রয়েছে। ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করার পাশাপাশি সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন তিনি। একই সঙ্গে নিজ নিজ বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে জানান, লাল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সারমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন এবং সমাজসেবক ও রাজনীতিক কাজী শফিকুল ইসলাম। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়লা আজীমের পৃষ্ঠপোষকতায় এবং মো. আবু ইউসুফ বাবুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবা খান, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম নান্টু ও নারী-শিশু বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরসহ অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।