খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রশাসক মঞ্জু
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
সোমবার সকালে নগর ভবনের সামনের সিঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের স্থান পরিদর্শন করেন প্রশাসক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, গভীর রাতে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের খবর শুনে তিনি বিস্মিত হয়েছেন। সিটি করপোরেশন একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। এটি মানুষের সেবা দেওয়ার জন্য কাজ করে, কারও প্রতিপক্ষ হিসেবে নয়। এমন প্রতিষ্ঠানে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগের প্রসঙ্গ তুলে প্রশাসক বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ফ্যাসিবাদপন্থীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের নাশকতা ঘটানো হতে পারে। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও সরকারকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, তাঁর ভাষ্য অনুযায়ী, পরাজিত ফ্যাসিবাদীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে খুলনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভেও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান কেসিসি প্রশাসক। তিনি বলেন, মানুষকে জিম্মি করে কোনো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। খুলনাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। একই সঙ্গে খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, রোববার দিবাগত গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা খুলনা নগর ভবনের সামনের সিঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আরো পড়ুন----ডিজিটাল আসক্তি ও মাদক থেকে দূরে থাকতে বই পড়ার অভ্যাস গড়তে হবে: হুইপ বকুল