খুলনায় এসআরবির সঙ্গে মাদক কারবারিদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

খুলনা ব্যুরো
১৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

জাতীয়

খুলনায় এসআরবির সঙ্গে মাদক কারবারিদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

খুলনার দৌলতপুরে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে গিয়ে সন্দেহভাজন মাদক কারবারিদের বাধার মুখে পড়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেন এসআরবির সদস্যরা। তবে অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-৬-এর একটি দল। অভিযানের একপর্যায়ে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি, যাদের মাদক কারবারি ও অস্ত্রধারী বলে সন্দেহ করা হচ্ছে, এসআরবি সদস্যদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আত্মরক্ষা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এসআরবি সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

একপর্যায়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি চালিয়ে তাঁদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পলাতক সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।