৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

জাতীয়

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক ছবি -পিআইডি

দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বিসিক ভবন মিলনায়তনে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আয়বৈষম্য কমানো, সুষম প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশে প্রায় ২২ লাখ মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করছেন। এত বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান শুধু বৃহৎ শিল্প কিংবা তথ্যপ্রযুক্তি খাতের ওপর নির্ভর করে নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণ জরুরি। একজন উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও অনেক মানুষের জীবিকার সুযোগ তৈরি করতে পারেন। এর ফলে একাধিক পরিবারের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হয়।

শিল্পমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান প্রায় ২৫ শতাংশ। এই অবদান বাড়িয়ে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এ খাতের সম্প্রসারণ হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং আয়বৈষম্য কমিয়ে আনা সহজ হবে।

বিসিকের ঋণ কার্যক্রমের বিষয়ে তিনি জানান, বর্তমানে জেলা পর্যায়ে একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। অন্যদিকে জামানতবিহীন ঋণের সর্বোচ্চ সীমা দুই লাখ টাকা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ঋণের পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে। এ বিষয়টি পর্যালোচনা করে জামানতবিহীন ঋণের সীমা বৃদ্ধি এবং বিসিকের ঋণ অনুমোদনের ক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

ঋণ আদায়ের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, বিসিকের বিতরণ করা ঋণের আদায়ের হার ৯০ শতাংশের বেশি। এটি উদ্যোক্তাদের দায়িত্বশীলতা ও ঋণ পরিশোধে ইতিবাচক মনোভাবের প্রমাণ।

উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিসিক ও এসএমই ফাউন্ডেশনের সমন্বয়ে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি ইউরোপ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আধুনিক প্রযুক্তি, কারিগরি জ্ঞান এবং প্রয়োজনীয় ঋণ সহায়তা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, দেশের শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরির দায়িত্ব শুধু কোনো একটি প্রতিষ্ঠানের নয়। সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগেই কর্মসংস্থানমুখী, বৈষম্যহীন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প সচিব আব্দুন নাসের খান। এ ছাড়া বিসিকের পরিচালক (অর্থ) কাইজার মোহাম্মদ ফারাবী এবং উদ্যোক্তা শামীমা পারভীন ও হাজেরা আক্তার বক্তব্য দেন।

আরো পড়ুন----চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: প্রতিমন্ত্রী