চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি, বন্ধ বিয়ে-তালাকের কার্যক্রম

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি, বন্ধ বিয়ে-তালাকের কার্যক্রম

বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের নির্ধারিত এলাকা বহাল রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। তাদের এ কর্মসূচির কারণে জেলাজুড়ে বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার ৪৫টি ইউনিয়ন ও চারটি পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আইন মন্ত্রণালয় নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সভুক্ত এলাকা পুনর্বিন্যাসের একটি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে তিনজন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।

বক্তারা এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও হটকারী উল্লেখ করে বলেন, নতুন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে বর্তমানে দায়িত্ব পালনকারীরা আরও বেশি আর্থিক সংকটে পড়বেন। এমনিতেই অনেক ইউনিয়নে বছরে বিয়ের সংখ্যা কম এবং দেনমোহরের পরিমাণও তুলনামূলক কম হওয়ায় বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের অনেকেই সীমিত আয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।

তাদের দাবি, বিদ্যমান পরিস্থিতিতে নতুন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের কোনো যৌক্তিকতা নেই। বরং বর্তমানে কর্মরতদের লাইসেন্সে উল্লেখিত এলাকাগুলো বহাল রেখে তাদের পেশাগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কর্মসূচি থেকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে নিকাহ রেজিস্ট্রাররা বলেন, তাদের দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আরো পড়ুন----শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড