নাচোলে বাড়িতে অভিযান, ২০০ লিটার ওয়াশ ও চোলাইমদ উদ্ধার; আটক ১

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

রাজশাহী

নাচোলে বাড়িতে অভিযান, ২০০ লিটার ওয়াশ ও চোলাইমদ উদ্ধার; আটক ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অভিযান চালিয়ে ২০০ লিটার ওয়াশ ও ৮ লিটার চোলাইমদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দিলিপ লাকড়া (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নাচোল থানার মহাম্মদপুর রাজবাড়ীহাট গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক দিলিপ লাকড়া ওই গ্রামের মৃত বিরু লাকড়ার ছেলে। অভিযানকালে তাঁর বাড়ি থেকে ২০০ লিটার ওয়াশ এবং ৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মামুনুর রশীদ এ ঘটনায় বাদী হয়ে নাচোল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার করা মাদকদ্রব্যের উৎস ও এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।