চিকিৎসকদের প্রচেষ্টায় স্বাস্থ্যসেবার মান বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

জাতীয়

চিকিৎসকদের প্রচেষ্টায় স্বাস্থ্যসেবার মান বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান আগের যেকোনো সময়ের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, বর্তমানে অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি হাসপাতালের খাবারের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকেরা অল্প সময়ে দক্ষতার সঙ্গে জটিল অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা সম্পন্ন করছেন। তাঁদের পেশাগত দক্ষতা, সাহসিকতা এবং রোগীদের প্রতি মানবিক আচরণ স্বাস্থ্য খাতের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। চিকিৎসকদের সহযোগিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের নেওয়া কোনো উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়।

নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, তিনি চিকিৎসক না হলেও চিকিৎসকদের সম্মান করেন এবং তাঁদের কল্যাণে কাজ করতে চান।

হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, এসব সমস্যার স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। হাসপাতালের মেডিকেল বর্জ্য ও সাধারণ বর্জ্য আলাদাভাবে ব্যবস্থাপনার উদ্যোগও চলছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য আধুনিক, উন্নত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেন। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচার-পরবর্তী সেবা ইউনিট, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড এবং বহির্বিভাগের উদ্বোধন করেন।

নিটোরের উন্নয়ন কার্যক্রমের জন্য অনুষ্ঠানে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন তিনি।

নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।