তিন দিনের অচলাবস্থার অবসান, স্বাভাবিক হলো সোনামসজিদ বন্দরের কার্যক্রম

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

রাজশাহী

তিন দিনের অচলাবস্থার অবসান, স্বাভাবিক হলো সোনামসজিদ বন্দরের কার্যক্রম

কাস্টমস কর্মকর্তা ও বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জেরে তিন দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে দুই পক্ষের আলোচনায় সমঝোতা হওয়ার পর ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। একই সঙ্গে আটকে থাকা পণ্য খালাস ও পরিবহনের কার্যক্রমও স্বাভাবিক হতে শুরু করেছে।

সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মবিবুর রহমান জানান, কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মচারীদের পরিচয়পত্র আটকে রাখা, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও নানা জটিলতা তৈরি এবং নতুন নিয়মের নামে হয়রানির অভিযোগ ছিল ব্যবসায়ীদের। বিশেষ করে কাস্টমস সুপার মিজানুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অশোভন আচরণ এবং পণ্য খালাসে অযৌক্তিক বাধা দেওয়ার অভিযোগ তোলেন তাঁরা।

এসব অভিযোগের প্রতিবাদ এবং হয়রানি বন্ধের দাবিতে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। এতে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। নতুন করে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে না পারায় বন্দরের ভেতরে প্রায় ৪৫০টি ট্রাক আটকা পড়ে। এর মধ্যে প্রায় ৪০০টি ট্রাকে পাথর ছিল। বাকি ট্রাকগুলোতে নারিকেল, ভুসি, শুঁটকিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল।

সোনামসজিদ কাস্টমস শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মাসুদ রানা বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়েছে।

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি জানান, কাস্টমস কর্মকর্তার কার্যালয়ে কমিশনারের প্রতিনিধির উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হলে বন্দরের অচলাবস্থা কেটে যায়। দুই দেশের বন্দরে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলোও নিয়ম অনুযায়ী ছাড় ও প্রবেশের কার্যক্রম শুরু করেছে।

তিন দিনের স্থবিরতা কাটিয়ে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে। তাঁরা আশা করছেন, সমঝোতার মাধ্যমে সৃষ্ট সমস্যার স্থায়ী সমাধান হবে এবং ভবিষ্যতে বন্দরের কার্যক্রমে এমন অচলাবস্থা তৈরি হবে না।